বিনোদন প্রতিবেদক: ডান হাতের কব্জিতে বড় ধরণের আঘাত পেয়ে গৃহবন্দি সময়ের জনপ্রিয় নাট্যভিনেতা ও নির্মাতা শামীম জামান। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তাঁর হাতের গুরুত্বপূর্ণ চারটি রগ/শিরা বিচ্ছিন্ন হয়েছে। টানা চার ঘন্টার অপারেশনে ৬৪টি সেলাই করতে হয়েছে সেখানে। এখন অনেকটা শঙ্কামুক্ত তবে, বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘রাতে (২০ ফেব্রুয়ারি) বাড়ির কাজ করছিলাম। এমন সময় একটা বড় গ্লাস ভেঙে পড়ে ডান হাতের কব্জির উপর। পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।’
চিকিৎসকরা জানান, গ্লাসের আঘাতে তাঁর ডান হাতের কব্জি গুরুতর জখম হয়েছে। চারটি গুরুত্বপূর্ণ রগ/শিরা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। অপারেশনের মাধ্যমে ৬৪টি সেলাই করা হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তবে তাকে বিশ্রামে থাকতে হবে আর এই হাতে ভারী কোন কাজ করতে পারবেন না।


No comments:
Post a Comment